গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামীর বিশ্বকে যারা নেতৃত্ব দিতে পারবে এমন যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
দেশের পাঁচ কোটি ৮০ লাখ তরুণ অদৃশ্য সম্পদ, তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬ - এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে যাদের শিক্ষা ও মেধা বিকাশের বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।
বর্তমানে বিশাল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে যার যথাযথ শিক্ষাদানের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। সেলক্ষ্যে সরকার শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্য-প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ, শিক্ষাখাত সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিরা।