জোহানেসবার্গে ৪০০ রানের পুঁজি গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। এমন হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ব্যাটিং নিয়ে। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তের চোখে সমস্যাটা ব্যাটিংয়ে নয়; বরং বল হাতে ও ফিল্ডিংয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে না পারায়। অতিরিক্ত নো বল আর ক্যাচ ছাড়ার মূল্যই দিতে হয়েছে দলকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত স্পষ্ট করেছেন, প্রথম ইনিংসের ব্যাটিংয়ে তিনি সন্তুষ্ট। টস জিতে কঠিন কন্ডিশনে আগে ব্যাট করার সিদ্ধান্তকেও দেখছেন সাহসী পদক্ষেপ হিসেবে। শান্ত বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল। বিশেষ করে আগে ব্যাট করে ৪০০ রান। তবে বিশ্বের সেরা দলের বিপক্ষে আপনি এত ভুল করলে হবে না। এত নো বল, ক্যাচ মিস, এসব কারণেই ম্যাচ হেরেছি।’

প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে তানজিদ হাসানের ৬৭ রানের ইনিংস দলকে ঘুরে দাঁড়ানোর ভিত দেয়। পরে তাওহীদ হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটি বাংলাদেশকে নিয়ে যায় ৪০০ রানে। হৃদয় ও লিটন দুজনই করেন সেঞ্চুরি। এই তিন ব্যাটারের পারফরম্যান্সে খুশি শান্ত।

ব্যাটিংয়ের মূল্যায়নে অধিনায়কের বক্তব্য, ‘না, ব্যাটিং নিয়ে আমি খুশি। টপ অর্ডারে কলাপ্সের পরও হৃদয় ও লিটন ভাই যেভাবে ব্যাট করেছে, আমি খুবই খুশি। তামিমও ভালো করেছে।’

তবে ৪০০ রান করার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে ৫৫৭ রান। এই ইনিংসে নো বলের কারণে কয়েকটি উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ফিল্ডারদের হাত ফসকে জীবন পেয়েছেন রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা। পুরো ম্যাচে বাংলাদেশের বোলাররা করেছেন ১২টি নো বল; এর মধ্যে তিনটি আউট নো বলের কারণে বাতিল হয়। ফিল্ডাররা ছেড়েছেন তিনটি ক্যাচ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধস নিয়ে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নন শান্ত, ‘এই কন্ডিশনে দ্বিতীয় ইনিংসে এমনই রান হয়, ২২০-১৮০। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়ে আমি এত চিন্তিত না। প্রথম ইনিংসে এত বড় রান করেও ফিল্ডিং ও বোলিংয়ে আমরা ভুল করেছি। ঐ জায়গায় ভালো করলে ভিন্ন ফলাফল আসতো।’

দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মুশফিক করেছেন ২২ রান। আর মুমিনুল করেছেন ১ রান। তবে তাদের ওপর আস্থা হারাননি অধিনায়ক। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১৫ ইনিংসে ৭০১ রান করেছেন মুশফিক, গড় ৫০.০৭। চলতি বছর জোহানেসবার্গ টেস্টের আগে তাঁর গড় ছিল ৪৪-এর বেশি।

মুশফিককে নিয়ে শান্তর বক্তব্য, ‘মুশফিক ভাইয়ের কথা বলব, (টেস্ট চ্যাম্পিয়নশিপের) এই চক্রে অনেক ভালো ক্রিকেট খেলছেন। এই বছর প্রায় ৪৪ গড়ে ব্যাটিং করছেন। শুধু ব্যাটিং না ব্যাটিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু থাকে ড্রেসিংরুম বলেন বা মাঠের মধ্যে বলেন, উনার অভিজ্ঞতাটা অনেক কাজে লাগে।’

এরপর মুশফিকের প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন অধিনায়ক, ‘মুশফিক ভাইকে নিয়ে আমার মধ্যে একদম কোনো সংশয় নেই। আমি জানি, পরের ম্যাচে উনি আরও ভালোভাবে কামব্যাক করবেন।’

মুমিনুল হকও জোহানেসবার্গ টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ১ রান। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে নিয়েও আশাবাদী শান্ত। তিনি বলেন, ‘মুমিনুল ভাই অবশ্যই বাইরে একটু ভুগছেন। তবে আমাদের যে দল, উনার যে অভিজ্ঞতা, অবশ্যই এটা কাজে দেবে। উনি মানসিকভাবে খুবই শক্ত। তো আমি বিশ্বাস করি যে, এতদিন যা হয়নি, পরের ম্যাচে ইনশাআল্লাহ উনি ভালো কিছু করবেন।’