আবার ফুটবল জগতে ফেরায় ক্যাসানো বললেন রোনালদিনহোর প্রত্যাবর্তন ‘লজ্জাজনক।’ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। তবে তার এই প্রত্যাবর্তন সবাই ভালোভাবে নেননি। ইতালির সাবেক স্ট্রাইকার আন্তোনিও ক্যাসানো তো একে সরাসরি ‘প্রহসন’ ও ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
গত রোববার ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে খেলতে নামেন রোনালদিনহো। ক্লাবটির সহমালিকও তিনি। ফরলির বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রথমার্ধে ৪৫ মিনিট খেলেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। রাভেন্নার প্রথম গোলের আক্রমণেও অবদান ছিল তার।
তবে রোনালদিনহোর মাঠে ফেরার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও রোমা ফরোয়ার্ড ক্যাসানো। ‘ভিভা ফুটবল’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে রোনালদিনহোর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমার চোখে সে ইতিহাসের সেরা পাঁচ ফুটবলারের একজন। মেসি, ম্যারাডোনা, রোনালদো ও সম্ভবত পেলের সঙ্গে একই কাতারে রাখব তাকে।’
এরপরই রোনালদিনহোর প্রত্যাবর্তন নিয়ে সমালোচনা করেন ক্যাসানো। তার ভাষায়, ‘কিন্তু সম্প্রতি সে যা করেছে, তা দেখতে খুবই খারাপ লেগেছে। ৪৬ বছর বয়সে, ওই অবস্থায় মাঠে নেমে সে কী করতে চেয়েছিল? আমি বুঝতে পারিনি।’
রোনালদিনহোর রাভেন্নায় যোগ দেওয়ার পেছনে ক্লাবটির সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানির সঙ্গে বন্ধুত্ব এবং অর্থের বিষয়টি কাজ করেছে বলেও মনে করেন ক্যাসানো। তিনি বলেন, ‘আমার কাছে এটি হাস্যকর এক প্রহসন। এর অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পাই না।’
নিজের অবস্থান বোঝাতে ক্যাসানো আরও বলেন, ‘আমাকে ১০ মিলিয়ন দিলেও আমি এমন কিছু করতাম না, ২০ মিলিয়ন দিলেও না। রোনালদিনহো সব সময় বিনয়ী ছিল, সে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাই ঘটনাটি আমাকে অবাক করেছে। আমার কাছে এটি লজ্জাজনক।’