প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখা শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৮ জানুয়ারি। এবার রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে ভর্তি পরীক্ষা।
গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক যোগ্যতা পূরণ করে আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০-এর বেশি আসনের বিপরীতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
আবেদনের যোগ্যতা
ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪ অর্জন করতে হবে।
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যও রয়েছে নির্দিষ্ট যোগ্যতা। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা এর পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেট পেতে হবে।
ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত যোগ্যতা পূরণকারীরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলবে না। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।
তিনি আরও বলেন, আদালতের একটি নিষেধাজ্ঞার বিষয় বিবেচনায় রেখে জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকলে শিক্ষার্থীরা যেন সমস্যায় না পড়েন, সেটিও তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিষয় পরবর্তী সময়ে স্টিয়ারিং কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।