রাজধানীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচারিক আদালতে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুদণ্ড হলেও উচ্চ আদালতে খালাস পেয়েছেন স্ত্রী স্বপ্না খাতুন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর স্বপ্না খাতুনের খালাসের কারণ ব্যাখ্যা করেছেন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. হাফিজুর রহমান খান বলেন, স্বপ্না খাতুনের বিরুদ্ধে অপরাধে সহযোগিতা বা সহায়তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় তাকে সাজা দেওয়া হয়েছিল।
কিন্তু অপরাধে সহায়তা বা সহযোগিতার কোনো প্রমাণ না থাকায় আদালত তাকে খালাস দিয়েছেন। স্বপ্না ঘটনার সময় ঘরের ভেতরে ছিলেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে বাথরুমে, যা ঘরের বাইরে ছিল।
ফলে বাথরুমে ঘটনা ঘটলেও স্বপ্না ছিলেন ঘরের ভেতরে। এ ছাড়া স্বপ্নার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দিও ছিল না।
আসামিপক্ষের এই আইনজীবী আরও বলেন, মামলার আলামত হিসেবে থাকা মরদেহ স্বপ্না স্পর্শ করেছেন, এমন কোনো প্রমাণ নেই। মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, এমন প্রমাণও পাওয়া যায়নি। স্বপ্না তার স্বামী সোহেলকে পালিয়ে যেতে বলেছিলেন। কিন্তু পালিয়ে যেতে বলা আর অপরাধে সহযোগিতা করা এক বিষয় নয়।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, স্বপ্না খাতুনের বিষয়ে আদালতের পর্যালোচনা ও পর্যবেক্ষণ হলো, মূল অপরাধ ছিল ধর্ষণ এবং পরবর্তী সময়ে হত্যা। সোহেল রানার জবানবন্দিতে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হলেও এ ঘটনায় স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কথা বলা হয়নি।
তিনি আরও বলেন, ধারণা করা যেতে পারে, ওই সময় রামিসা জীবিতও থাকতে পারে। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, একজন অপরাধীকে অপরাধ আড়াল করতে সহযোগিতা করা এবং সময়মতো দরজা না খোলার কারণে স্বপ্না খাতুনও সমানভাবে দায়ী হতে পারেন। তবে আদালত অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্য গ্রহণ করেননি। স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার ক্ষেত্রে এটিও আদালতের অন্যতম বিবেচ্য বিষয় ছিল।