পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী সহ পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার বোদা ও সদর উপজেলায় এঘটনা দুটি ঘটে। 
 

পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার  বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানে বোয়ালমারি এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম (৫৫)। এসময় তিনি মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি নামক স্থানে পৌছালে ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। 


নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে যান। 
 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 
 

এদিকে, পঞ্চগড় সদর উপজেলায় নিজ বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল  বোদা পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে।
 

​স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম দুপুরে কাঠমিস্ত্রির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত একটি স্পর্শকাতর বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। ​হাসপাতালে নেওয়ার পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
পঞ্চগড় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুতপা বনিক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ১টার দিকে জাহাঙ্গীর আলমকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
 

এদিকে, খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।  
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।