পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে আজ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। এ পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
পরীক্ষামূলক সরবরাহের কয়েক ঘণ্টা পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা চালানো হবে। ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিত সরবরাহ করা সম্ভব হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, জাতীয় গ্রিড বিদ্যুৎ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, জাতীয় গ্রিড বিদ্যুৎ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
এ উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা। তবে পূর্ণ উৎপাদনে যেতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।