ইতালিতে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বিদেশগামীদের ফাঁদে ফেলছে আন্তর্জাতিক মানবপাচার চক্র। প্রথমে ভিজিট ভিসায় পাঠানো হচ্ছে পাকিস্তানের করাচিতে। এরপর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের পর ইরান, সৌদি আরব হয়ে লিবিয়া। সেখান থেকে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথে নৌকায় তুলে দেওয়া হচ্ছে ইতালিগামীদের। বাংলাদেশ, পাকিস্তান ও লিবিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ত্রিদেশীয় পাচার চক্রের ভয়াবহ তথ্য সামনে এসেছে।
সম্প্রতি ৭৩টি পাসপোর্টসহ এক দালালকে গ্রেপ্তারের পর এই আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্কের সন্ধান পায় সংশ্লিষ্ট সংস্থা।
নওগাঁর ষাটোর্ধ্ব ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল আজিজও এই চক্রের শিকার। ইতালি যাওয়ার স্বপ্নে জমানো ও ধার করা সাড়ে ১২ লাখ টাকা দালালকে দিয়েছিলেন তিনি। বিনিময়ে পেয়েছিলেন ভিসা ও বিমানের টিকিট। কিন্তু বিমানে পাকিস্তানের করাচিতে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি মানবপাচারকারীদের ফাঁদে পড়েছেন। ইতালিতে নেওয়ার পরিবর্তে সেখানে তাঁকে নির্যাতন করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। অনেক কষ্টে দেশে ফিরে এসে দালাল চক্রের বিরুদ্ধে মামলা করেন তিনি।
তদন্তে জানা যায়, বিদেশে পাঠানোর আগে আবদুল আজিজকে রাজধানীর নয়াপল্টনের ফ্যামেক্স ট্রেড অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠানে নেওয়া হয়েছিল। সেখানে গিয়ে দেখা যায়, সাইনবোর্ড থাকলেও প্রতিষ্ঠানের নিজস্ব অফিস নেই। বর্তমানে সেখানে অন্য একটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ফ্যামেক্সের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
পরে ভুক্তভোগী সংশ্লিষ্ট সংস্থার শরণাপন্ন হলে অভিযুক্তদের সন্ধান মেলে। যাত্রাবাড়ীর কাজলা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাসুদুর রহমান নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭৩টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পাসপোর্টে থাকা ফোন নম্বর সংগ্রহ করে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বিদেশ যাওয়ার আশায় স্থানীয় দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন। তবে পাসপোর্ট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া মাসুদুর রহমানকে তাঁরা কেউ চেনেন না।
গ্রেপ্তারের পর মাসুদের দাবি, তাঁর কোনো লাইসেন্স নেই। তবে তিনি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির হয়ে কাজ করেন। তাঁর সংশ্লিষ্টতা নিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের খোঁজও নিয়েছে তদন্তকারী সংস্থা।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মাসুদের দেশের বিভিন্ন জেলায় স্থানীয় এজেন্ট রয়েছে। এসব এজেন্ট বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে টাকা ও পাসপোর্ট সংগ্রহ করে তাঁর কাছে পাঠায়। মালয়েশিয়ায় পাঠানোর জন্য ৫ থেকে ৭ লাখ টাকা এবং ইতালিতে পাঠানোর জন্য ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করা হয়।
পাচারের কৌশলও বেশ পরিকল্পিত। প্রথমে ভিজিট ভিসায় পাকিস্তানের করাচিতে পাঠানো হয় বিদেশগামীদের। সেখানে অবস্থানরত আরেকটি চক্র তাঁদের স্থলপথে ইরান ও সৌদি আরব ঘুরিয়ে লিবিয়ায় নিয়ে যায়। এরপর লিবিয়ায় থাকা পাচারকারীরা নৌকায় তুলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পাঠানোর চেষ্টা করে।
এসআরবি-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান জানান, জেলা পর্যায়ে ছোট ছোট দালাল এজেন্ট হিসেবে কাজ করে। বিদেশে কর্মসংস্থানের আশায় থাকা ব্যক্তিদের কাছ থেকে তারা টাকা নেয় এবং পাসপোর্ট তৈরির ব্যবস্থা করে। মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে সাড়ে পাঁচ লাখ টাকা নেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে দালালরা ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত দাবি করছে।
তিনি আরও জানান, অনেক সময় দালালরা বিদেশগামীদের বিমানে তুলে দিয়েই নিজেদের দায়িত্ব শেষ মনে করে। তবে বিদেশি দালালদের সঙ্গে যোগাযোগ থাকলে সেই সম্পর্ক কাজে লাগিয়ে তাঁদের বিভিন্ন পথে পাচার করা হয়।
এদিকে, গ্রেপ্তার মাসুদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রিক্রুটিং এজেন্সির খোঁজ করছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি আন্তর্জাতিক মানবপাচার চক্রের বিদেশি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানানো হয়েছে।
উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি দিতে গিয়ে এভাবে সর্বস্ব হারানোর পাশাপাশি নির্যাতন ও প্রাণহানির ঝুঁকিতে পড়ছেন বহু মানুষ। মানবপাচারের এই চক্র ভাঙতে স্থানীয় দালাল থেকে শুরু করে আন্তর্জাতিক নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।