উৎসবমুখর পরিবেশে রাজশাহী সুগার মিলে ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, রাজশাহী বিভাগের ভারী শিল্প হিসেবে পরিচিত এই চিনিকল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিনিশিল্পকে লাভজনক ও টেকসই করতে হলে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মিলের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে। এ জন্য কৃষক, শ্রমিক ও চিনিকল কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিগত সরকারের নেতারা জীবন বাঁচাতে কাঁটাতারের বেড়া পার হয়ে বিমানে করে দেশত্যাগ করেছেন। তাঁরা এখন দেশে ফিরতে ভয় পান। তাই বিদেশে বসে আওয়ামী লীগ নেতা নানকসহ অন্য নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে হুমকি-ধমকি দিচ্ছেন।
এমপি মিলন বলেন, বিগত সরকার দেশে খুন, গুম ও লুটপাট চালিয়েছিল। পুরো দেশকে তারা ‘আয়নাঘর’-এর মতো ভীতিকর পরিবেশে পরিণত করেছিল। কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী শাসককে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য করেছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনা স্মরণ করে তিনি এর তীব্র নিন্দা জানান। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম ও খুনের শিকার অসংখ্য মানুষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত এবং দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শেষ কাতারের সৈনিক’ হিসেবে নিজেদের উল্লেখ করে এমপি মিলন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কাজ করি। আমরা কোনো জেল-জুলুম, ফাঁসি বা মৃত্যুকে ভয় পাই না।’
আসন্ন ডিসেম্বর মাসকে বিজয়ের মাস উল্লেখ করে তিনি দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার এবং যথাযথ মর্যাদায় বিজয় উদ্যাপনের আহ্বান জানান। একই সঙ্গে নিজের নির্বাচনী এলাকার কৃষক, শ্রমিক ও কারখানার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির যেন ক্ষতি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি মোট ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। এসব জমিতে উৎপাদিত আখ চলতি মৌসুমে মিলে সরবরাহ শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই চিনিকল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। অনুষ্ঠানের আগে এমপি মিলন চিনিকলের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। পরে উদ্বোধনী আলোচনা সভায় তিনি আখচাষিদের হাতে পুরস্কার তুলে দেন। আনুষ্ঠানিকভাবে মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষণার পর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও স্থানীয় আখচাষিরা অংশ নেন।
সারাদেশ
৬২তম আখ মাড়াই মৌসুম শুরু,উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৭০০ টন