চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ সময় ৪-৫  বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের   বালুচর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মসজিদের ইমাম মো. আব্দুল লতিফকে (৫৫) দায়িত্বে রাখা না-রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের কণ্ঠভোটে অধিকাংশ মুসল্লি আব্দুল লতিফকে ইমাম হিসেবে বহাল রাখার পক্ষে মত দেন। তবে একটি পক্ষ এর বিরোধিতা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের দুই থেকে তিনজন করে আহত হন। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সংঘর্ষের পর আপেলসহ কয়েকজনের চার থেকে পাঁচটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। আপেলের স্বজনদের অভিযোগ, তাঁর বাড়িতে হামলা চালিয়ে প্রায় সাত লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার,  লুট ও একটি মোটরসাইকেল, এসি, আলমারিসহ বিভিন্ন আসবাব পত্র ও  বাড়ির জানালার কাচসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।

খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক শামীম রহমান  জানান, গুটি কয়েক লোক পুরো গ্রামবাসীর বিপক্ষে অবস্থান নিয়েছে  এবং আমাদের  মারধর করেছে ।  কয়জন  আহত ও লুটপাট ভাঙচুর হয়েছে তা আমি বলতে পারবোনা আমি অবরুদ্ধ ছিলাম মসজিদে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।