নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। রাজশাহী মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাঈমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের দায়রা পার্ক, মেহেরচণ্ডী ও ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাঈম। এতে আরও উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার, ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মাসুদুল হক মৃধা মমিন।
এ সময় মাসুদুল হক মৃধা মমিন বলেন, ‘কোনো ভিনদেশি দালালি এবং কোনো ফ্যাসিবাদের পুনরুত্থান কোনোভাবেই হতে দেওয়া হবে না।’
বিপ্লব রহমান নাঈম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার হরণ এবং স্বৈরাচারী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি আমরা চাই না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।’
মিছিলের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক অবস্থান ও প্রতিবাদ তুলে ধরেন ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের পূর্ব ও পশ্চিম শাখার নেতাকর্মীরা।