রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় কিশোর সিহাব রানা। ওই দিন রাত ৮টার দিকে মো. হাবিবুল বাশার শিমুল ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশাটি নিয়ে দিগ্রামের উদ্দেশে রওনা হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর এলাকায় গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছালে পেছন থেকে লোহার হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় পরপর দুটি আঘাত করে শিমুল।
এতে সিহাবের মৃত্যু হলে তার মরদেহ রাস্তার পাশের ধানখেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত শিমুল। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ২৮ অক্টোবর সিহাবের বাবা মো. সোহেল রানা ছেলের নিখোঁজের ঘটনায় গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশের একটি ধানখেত থেকে সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা সোহেল রানা বাদী হয়ে ১ নভেম্বর গোদাগাড়ী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৭৯/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
পুলিশ জানায়, রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো. সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে মো. হাবিবুল বাশার শিমুল, তার মা জোহুরা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে মো. সুজন এবং একই উপজেলার বাগানপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. আবদুল হালিম।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।