একদিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক ভ্রমণ করেছেন। চলতি মৌসুমে ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরুর পর যা যাত্রী সংখ্যায় একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে ৪টি জাহাজ। এই দিনে প্রথমবার রওয়ানা দেয় এমভি মালঞ্চ। জাহাজগুলো দুপুরে সেন্টমার্টিনে পৌঁছে এক-দেড় ঘণ্টা সেন্টমার্টিন অবস্থানের পর বিকেলে আবার কক্সবাজারে উদ্দেশে রওনা দিয়ে রাতে ফিরে আসবে।

৩৪৬ সিটের কেয়ারি সিন্দাবাদ নামে আরও একটি জাহাজ বহরে যুক্ত হলেও এখনও যাত্রী পরিবহন শুরু করেনি জাহাজটি। দৈনিক ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার অনুমতি থাকলেও ৫টি জাহাজে এখন সম্মিলিত ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৪ জনে।

৮৫০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন এমভি বারো আউলিয়ায় শুক্রবার সেন্টমার্টিন গিয়েছেন ৫৯৩ জন
যাত্রী। ৭৩২ সিটের কর্ণফুলী এক্সপ্রেসে যাত্রী ছিলেন ৫০০ জন, এমভি টেকনাফে করে গিয়েছেন ৪১৯ জন এবং জাহাজটির সিট সংখ্যা ৭৩২টি।

প্রথম যাত্রা করা ৬০০ জন ধারণ ক্ষমতার এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন পর্যটক। জাহাজটির পরিচালক আব্দুস সাত্তার জয় ঢাকাপোস্টকে বলেন, আমরা এমভি মালঞ্চকে পুরোপুরি প্রস্তুত করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করার পর যাত্রী পরিবহন শুরু করেছি এবং ইনশাআল্লাহ এই মৌসুমের শেষ দিন পর্যন্ত যা অব্যাহত থাকবে।

দীর্ঘ ভ্রমণ যাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকদের মাঝে হতাশা বিরাজ করতে দেখা গেছে। তবে অনেকেই উচ্ছ্বসিত দেশের সর্বদক্ষিণে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপটি ভ্রমণের অভিজ্ঞতা নিতে পেরে।

মাদারীপুরের কালকিনি থেকে ভ্রমণে এসেছেন সৈয়দুল হক। তিনি বলেন, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্টমার্টিন, দ্বীপটি অনেক সুন্দর ভিডিওতে দেখেছি। প্রথমবারের মতো সেখানে যাচ্ছি পরিবার নিয়ে, সমুদ্র যাত্রার এই অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে।

সিরাজগঞ্জের বাসিন্দা পর্যটক ওসমান আলী বলেন, ৬-৭ ঘণ্টা সমুদ্রপথে সেন্টমার্টিন যাব এটা আসলে ক্লান্তির তবুও যাচ্ছি ছুটি কাটাতে। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে আসা যেত। এখন সেই সুযোগও নেই, আবার জাহাজ ভাড়াটাও একটু বেশি।

মৌসুম শুরুর মাসে পর্যটক সংখ্যা সীমিত হলেও ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের ঢল নামার আশা করছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চলতি মাসে শুক্রবার-শনিবার তথা ছুটির দিনে মোটামুটি পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। আগামী মাসের প্রতিদিনই কোটাপূর্ণ হবে বলে অগ্রিম বুকিংয়ের মাত্রা দেখে আশা করা যাচ্ছে। ৫টি জাহাজ অনুমতি পেয়েছে, আজ ৪টি গিয়েছে এবং বাকিটিও শিগগিরই নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।