রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. হাবিবুল বাশার শিমুলকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর সিপিএসসি, রাজশাহীর একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমুল গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শিহাব হত্যা মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি শিমুল রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর শিহাব রানা অটোরিকশার মালিক বিপ্লবের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন ২৮ অক্টোবর শিহাবের মা শিরিন আক্তার গোদাগাড়ী থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে কামরুজ্জামান নামে এক ব্যক্তির ধানখেতে শিহাবের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় ১ নভেম্বর হত্যা মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৭৯/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার শিমুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।