রাজশাহী মহানগরীতে পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকাসহ আহম্মেদ ইবনে রয়েল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহানগরীর আইডি বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রয়েল হেতেমখাঁ শাহাজীপাড়া এলাকার মৃত রবিন আহম্মেদ শহীদের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় রয়েলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।