খুলনার রূপসা উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তের গুলিতে মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত  ১০টার সময় এঘটনা ঘটে। 

নিহত জাকির হোসেন রূপসা থানাধীন খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আঃ জলিল শেখের ছেলে এবং ৪নং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। পেশায় তিনি একজন ইট-বালু ব্যবসায়ী।

প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার সময় বাগেরহাট জেলার ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে জাকির হোসেনের মাথায় গুলি করে। পরে তারা মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার সংবাদ পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।