চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সমর্থকরা।
৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও ভূমিকা জড়িয়ে থাকলেও দিবসটি উপলক্ষে কলেজের অনুষ্ঠানের ব্যানারে তাঁর ছবি না থাকায় প্রশ্ন তুলেছেন বিএনপির সমর্থকরা।
তাদের দাবি, ৭ নভেম্বরের ইতিহাস ও তাৎপর্যের সঙ্গে জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত। অথচ তাঁকে স্মরণ না করে এ দিবসের অনুষ্ঠান আয়োজন করা দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। এটি নিছক অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
বিএনপির সমর্থকদের প্রশ্ন, শহীদ জিয়াউর রহমানের অবদানকে যথাযথভাবে স্মরণ না করে কীভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হলো? ব্যানার তৈরির দায়িত্বে থাকা ব্যক্তি, অনুষ্ঠানের আয়োজক কিংবা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কার অবহেলায় এমনটি ঘটেছে, তার জবাবদিহি দাবি করেছেন তাঁরা।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বা অনুষ্ঠানের আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।