রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টা পর্যন্ত বোয়ালিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নিউমার্কেট, দরিখরবোনা, কাদিরগঞ্জ এলাকার মৃত খোকনের ছেলে আলী ইসলাম (৩২), উপশহর নিউমার্কেট এলাকার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), উপশহর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আবু সালেহ মোহাম্মদ ওমর শরীফ ওরফে রাজিব (৫৫) এবং বর্ণালী আমবাগান এলাকার মৃত শাহিদ হোসেনের ছেলে মো. মিজান হোসেন দিপু (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল সোয়া ৬টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় লাল মসজিদের বিপরীত পাশের সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন এবং এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, স্থানীয় কয়েকজন ব্যক্তি মিছিলে বাধা দিলে অংশগ্রহণকারীরা তাদের ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে খবর দিতে গেলে মিছিলকারীরা তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। পরে ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করলে মিছিলকারীরাও সেখান থেকে চলে যান।
এ ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আলী ইসলাম ও জাহাঙ্গীর আলমকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে রাজিব ও মিজান হোসেন দিপুকে মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই মিছিলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। মিছিলে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।