সিরাজগঞ্জে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে পৌর শহরের দুটি এলাকা এবং সদর উপজেলার একটি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি খোকন বেপারী (৪৮), ১৩ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ আলম (৫৩) এবং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন (৫০)।

পুলিশ জানায়, খোকন বেপারীকে শহরের শাহেদনগর বেপারীপাড়া থেকে, শাহ আলমকে চর রায়পুর ওয়াবদা মহল্লা থেকে এবং ফিরোজ হোসেনকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ওসি আরও জানান, নভেম্বরের প্রথম ১২ দিনে এ ধরনের অভিযানে মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।