রাজশাহী মহানগরীর শাহমখদুম ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি চোলাই মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ট্রাক টার্মিনাল ও আইডি বাগানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শাহমখদুম থানা পুলিশ ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় উত্তর নওদাপাড়া গ্রামের মৃত একরাম আলীর ছেলে মো. আসাদুল ইসলাম (৪২), দক্ষিণ নওদাপাড়া গ্রামের মো. সাহেব আলীর ছেলে মো. ফরহাদ হোসেন জনি (৪০) এবং রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মো. মধুকে (৬০) গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ বোতলে মোট ৯ দশমিক ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসাদুল ইসলামের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে। একই থানায় ফরহাদ হোসেন জনির বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি ও পেনাল কোডে একটি মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেল পৌনে ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রিমা থানার নামোভদ্রা গ্রামের মো. বেল্লালের ছেলে মো. ওয়াসিমকে (৩৮) গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।