রাজশাহী মহানগরীতে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সাবেক ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল (২৭), সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান (২৬) এবং সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফ (২২)।

মামলার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত সোয়া ১২টার দিকে রাজশাহী নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন এবং জনমনে ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন।

এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, মামলার আসামি শুভ কুমার মণ্ডল ও নাহিদ হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে শিক্ষার্থীরা আটকে রাখেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

অন্যদিকে, মামলার অপর আসামি নূর মোহাম্মদ আলিফকে গত ১০ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর পবা থানার বেনুয়া খোলা ভুনা গ্রাম থেকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। পরে গ্রেপ্তার তিনজনকে চন্দ্রিমা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।