কঠোর নিরাপত্তার মধ্যেও রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১১নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর গ্রেটার রোডে মহানগর যুবলীগের উদ্যোগে এই মিছিল করা হয়।
পরে নেতাকর্মীরা তাদের ফেসবুকে ভিডিও পোস্ট করেন। তবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে যুবলীগ নেতাদের মিছিল করা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের বিরুদ্ধে।
এতে দেখা যায়, গ্রেটার রোড ডলফিন ক্লিনিকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দ্রুতই স্থান ত্যাগ করেন যুবলীগের নেতাকর্মীরা।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মুখে মাক্স পরে কিছু ব্যক্তিরা জয়বাংলা শ্লোগান দিয়ে মিছিল নিয়ে যায়। এসময় রাস্তায় তেমন লোকজন ছিল না। যারা ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন কেবল তারাই দেখেছেন। তবে তারা দ্রুত রাস্তা দিয়ে মিছিল নিয়ে চলে যায়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, মিছিল শেষে তারা খবর পেয়েছেন। তবে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।