রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেন।

নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপাচার্য জানান, আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের সুযোগ দিতে নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাও শিথিল করা হয়েছে। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

উল্লেখ্য, এর আগে ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছিল।