রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী এবং চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলপুকুর, কাটাখালী, মতিহার, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩ পিস ইয়াবা ও ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বেলপুকুর থানা পুলিশ উত্তর কাজিপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. নাজমুল (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে। বর্তমানে তিনি মহানগরীর বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকায় বসবাস করেন। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় পেনাল কোডে একটি এবং চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাটাখালী থানা পুলিশ কাপাসিয়ার চৌমহনী চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে মো. ছাদেক আলী (৪৯) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি চক কাপাশিয়া গ্রামের মো. কুদরত আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া ৯ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে মতিহার থানা পুলিশ ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে আলী হাসান মো. মুজাহিদ (২০) ও মোহাম্মদ এজাজুল (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
১০ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে মো. আরাফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
একই দিন সকাল পৌনে ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে মো. জুবায়ের হোসেন ওহি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি সাগরপাড়া (বল্লভগঞ্জ) গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।