চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের ফটকে ঢোকার সময় মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত শিক্ষার্থীর নাম রাকিবুল হাসান। এ ঘটনায় মঙ্গলবার তার হিসাববিজ্ঞান ও ব্যাকরণ পরীক্ষা দেওয়া হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত শিক্ষার্থীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাড়িতে ফিরে যান।

আহত শিক্ষার্থীর চাচা মামুনের অভিযোগ, সিয়ামের নেতৃত্বে ৪-৫ জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে রাকিবুলের ওপর হামলা চালায়। পরীক্ষা দিতে বিদ্যালয়ে প্রবেশের সময় তাকে ডেকে নিয়ে মারধর করা হয়। এ সময় তাকে রক্তাক্ত জখম করা হয়। হামলার পর সিয়াম তাকে বিদ্যালয়ের আশপাশে পেলে হত্যার হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মামুন আরও জানান, এর আগেও সিয়ামের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। তখন তিনি ও বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়ানল আবেদীন কাজী বাবলু শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। পরে সিয়ামের কাছ থেকে মুচলেকা নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

মামুন বলেন, “আমার ভাতিজা পরীক্ষা দিতে বিদ্যালয়ে গেলে তার ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা চাই। হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। পরীক্ষায় অংশ নিতে না পারায় তার শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

এদিকে বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থী আহত হওয়ার কথা তিনি শুনেছেন। তবে সে পরীক্ষা দিতে পারেনি কি না, তা তাঁর জানা নেই। কী বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে, সেটিও তিনি জানেন না। এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্টদের বিদ্যালয়ে ডাকা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।