নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে ১৭ বছর বয়সী আদিবাসী সম্প্রদায়ের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্কুলছাত্রী লিলাবাজার সংলগ্ন তানইল গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বেজোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এনামুল সরদার (৩২) এবং বৈদ্যপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল আলিম ওরফে ভুট্টু (৫০)।

এজাহার সূত্রে জানা যায়, কালিপূজা উপলক্ষে সোমবার সকালে ওই স্কুলছাত্রীর মা ও ভাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মামার বাড়িতে বেড়াতে যান। বাড়িতে ওই ছাত্রী ও তার বাবা ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাবা বাজার করতে নীলা বাজারে গেলে সে নিজের শয়নকক্ষে একা টেলিভিশন দেখছিল।

এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এনামুল ও আব্দুল আলিম ঘরে ঢোকেন। এসময় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করেন।

এ ঘটনায় ১০ নভেম্বর মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।  মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।