চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রাফি (রাব্বী) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় আবুল খায়ের গ্রুপের কারখানা-সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাফি সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় বার আউলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাবার নাম রুবেল। তাঁর স্থায়ী ঠিকানা সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে আবুল খায়ের গ্রুপের কারখানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে গেলে একপর্যায়ে রাফি গুলিবিদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এ বিষয়ে আবুল খায়ের গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তা এমরুল কায়েস জানান, তাঁদের কারখানায় ডাকাতির কোনো ঘটনা ঘটেছে বলে তিনি অবগত নন। আনসার সদস্যদের সঙ্গেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কারখানার বাইরে অন্য কোথাও কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাঁর জানা নেই।

সীতাকুণ্ড থানার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, গলাকাটা মরদেহ উদ্ধারের কথা তিনি শুনেছেন। তবে তিনি কালীপূজার দায়িত্বে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানতে পারেননি।

এদিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

নিহতের জানাজা সোমবার মাগরিবের নামাজের পর ডালচাল মিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।