রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৬৩টি মামলা হয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে আরও ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চুরির ঘটনায় একটি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় তিনটি এবং অন্যান্য ধারায় ৫৯টিসহ মোট ৬৩টি মামলা হয়েছে। এ সময়ে হত্যা, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা এবং সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা হয়নি। এ ছাড়া ৯ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬৯ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭১ জন, সাজাপ্রাপ্ত পাঁচজন, তদন্তাধীন মামলার আসামি ৮৫ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) মামলায় আটজন রয়েছেন।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫০ গ্রাম হেরোইন, ২০৩ পিস ইয়াবা, ২২১ পিস ট্যাপেন্টাডল, ৫১ লিটার চোলাই মদ, পাঁচ বোতল বিদেশি মদ, ৩৫০ গ্রাম গাঁজা এবং ৩২ বোতল কাফ সিরাপ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও মাদক উদ্ধারের লক্ষ্যে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
এদিকে, রাজশাহী রেঞ্জ পুলিশের সেবাগ্রহীতার সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৯৯৫ জন এবং চলতি মাসে ৭ হাজার ৯১৪ জন।