রাজশাহীর সীমান্তবর্তী পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় জেডি মদ ও ৩০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীন বিদিরপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় পদ্মা নদীর ঘাট এলাকায় একটি অসাধু চক্র মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে মালিকবিহীন ৪১ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, একই রাতে আনুমানিক ১টা ১৫ মিনিটে চারঘাট থানার কান্দিপাড়া কলাবাগান এলাকায় অভিযান চালায় ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চোরাচালানের মালামাল লুকিয়ে রাখার তথ্য পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় কাউকে না পেয়ে আশপাশে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে মালিকবিহীন ৩০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলো রাজশাহীর শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, এসব চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।