রাঙামাটি শহরে রাতের আঁধারে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব প্রতিষ্ঠানের ফটকে তালা দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এ খবর ছড়িয়ে পড়ার পর শহরে সক্রিয় হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তাঁরা।
এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে এ ঘটনার দায় স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার বিরুদ্ধে।
জানা গেছে, সোহাগ চাকমা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নের কথাও পোস্টে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সকালে জেলা জজ আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখা যায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা এসে তাঁদের প্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে দেয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
জেলা জজ আদালতের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার পর আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মচারীরা তালা খুলে দেন বলে জানা গেছে।
এদিকে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল নেতা ওমর মুরশেদের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেন। এ সময় তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ঘুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দেন।
মহড়ায় অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, কোথাও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো কার্যক্রম পরিচালিত হলে স্থানীয়রা যেন তাঁদের বিষয়টি অবহিত করেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন বলেও জানান।
এ ঘটনায় শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাতের আঁধারে এসব প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসীম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ ধরনের প্রচারণা শুরু হয়। পুলিশ সংশ্লিষ্ট একাধিক সরকারি কার্যালয়ে গিয়ে তালা খোলা অবস্থায় পেয়েছে। বর্তমানে সব অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় অনুসন্ধান চলমান রয়েছে।