উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। হিমালয় থেকে আসা হিমেল বাতাসে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা কমে যাচ্ছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও রাত ও সকালে শীতের প্রকোপ বাড়ছে। সেই সঙ্গে ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলার বিভিন্ন এলাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার (৯ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার (৮ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তিন দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে। ভোরে কখনো হালকা কুয়াশা দেখা দিলেও অধিকাংশ দিন জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শীতের আগমনী বার্তায় বদলে যেতে শুরু করেছে জেলার প্রকৃতি। বিশেষ করে রাত ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় পরে।
জেলা শহরের বাসিন্দা রমজান আলী বলেন, শীতের আগমনে রাত ও সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এ সময় গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগে সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস।
দিনের গরম আর রাতের ঠান্ডার এমন বৈপরীত্যে পঞ্চগড়ের প্রকৃতিতে এখন স্পষ্ট শীতের আমেজ বিরাজ করছে। সকাল-সন্ধ্যার ঠান্ডা ও কুয়াশা জানান দিচ্ছে, উত্তরের জনপদে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত।