রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা বিএনপির সহসভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ড মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা জাহিদ হাসানকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম এবং হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাইফুল আলম ড্যানিকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ডিএমপির ভাটারা থানাধীন মাদানী এভিনিউয়ের বসুন্ধরা এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল সিপিসি-১, এসআরবি-১, উত্তরা ঢাকার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুর ডাঙ্গা (সুজানগর) এলাকার মিতালী ক্লাবের সামনে জাহিদ হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশের মাদকবিরোধী অভিযানে বিভিন্ন সময় সহযোগিতা করায় পূর্বশত্রুতার জেরে সাইফুল আলম ড্যানিসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।

পরে আহত জাহিদ হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। মামলাটিতে সাইফুল আলম ড্যানিসহ সাতজনকে আসামি করা হয়েছে।

বোয়ালিয়া থানার মামলা নম্বর ১০, তারিখ ৮ নভেম্বর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইফুল আলম ড্যানি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে তাঁকে ডিএমপির বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।