আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোপালগঞ্জ। নির্বাচনী হাওয়া গায়ে মেখে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এর অংশ হিসেবে বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কল্যাণ বিশ্বাস দিনরাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন এবং আশীর্বাদ, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে কল্যাণ বিশ্বাস বৌলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্যে শ্রীশ্রী শ্যামা পূজা মণ্ডপগুলোতে গিয়ে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপ পরিদর্শনে আসা ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেবী শ্যামার আরাধনায় অংশ নেওয়ার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মণ্ডপগুলোতে গিয়ে কল্যাণ বিশ্বাস বলেন, "আমাদের এই বৌলতলী ইউনিয়ন শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য নিদর্শন। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত নির্বিশেষে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে সমানভাবে পাশে থাকব এবং একটি আধুনিক, মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলব।"

এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের তরুণ সমাজ তার সাথে উপস্থিত ছিলেন।

কল্যাণ বিশ্বাসের এমন গণসংযোগ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে সরব উপস্থিতি বৌলতলী ইউনিয়নের নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগেই প্রার্থীর এই দৌড়ঝাঁপ নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি অবস্থানের তৈরি করবে।