নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন প্রামানিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার ১ নম্বর নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌমাহান মিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের (সিপিসি-২) একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মিলন প্রামানিক ওই এলাকার মো. মোজাহার প্রামানিক ওরফে মোজার ছেলে।
ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মিলন প্রামানিক ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা জানান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত হালকা সবুজ রঙের চেক টি-শার্টের সামনের বাম পাশের বুক পকেট থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।