রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইয়াবা ও ফেয়ারডিল সিরাপসহ তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। অভিযানে ইয়াবা ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ ও মাদক সেবনের আলামত উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মহানগরীর কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রোববার রাত পৌনে ৮টার দিকে কাটাখালী থানা পুলিশ চৌমুহনী বাজারের গুয়াবাসিনা এলাকায় অভিযান চালিয়ে মো. আলো আলী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তিনি নওদাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর রাত ৮টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া গ্রামের সুমন রানার স্ত্রী মোসা. সাথী ওরফে সুমীর (৪০) বসতবাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গোলাম সাকলাইন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মিজানুর হকের ছেলে।
এ সময় পালিয়ে যাওয়া সুমীর ফেলে যাওয়া পাঁচ বোতল ফেয়ারডিল সিরাপ এবং গ্রেপ্তার সাকলাইনের হেফাজত থেকে একটি খালি ফেয়ারডিল সিরাপের বোতল উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সাকলাইন ও পলাতক সুমী পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। পলাতক সুমীর বিরুদ্ধে কাটাখালী থানায় আগে ছয়টি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ বেলদারপাড়া মাছুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়ান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তিনি শেখপাড়া বেতপট্টি গ্রামের মহিদুল ইসলাম ওরফে লাভলুর ছেলে। পুলিশ জানায়, তাঁকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকলাইনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রিয়ানের বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া পলাতক সুমীকেও মামলায় আসামি করা হয়েছে।
এদিকে, আরএমপির সামগ্রিক অপরাধবিষয়ক তথ্যে জানানো হয়েছে, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় দুজন এবং অন্যান্য মামলায় ছয়জন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।