রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন ২৪ জন। এ সময় ৬৮টি মামলা হয়েছে এবং ২টি দেশি চাকু ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় খুন, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন ও চুরির কোনো ঘটনা ঘটেনি। তবে দস্যুতার একটি, নারী ও শিশু নির্যাতনের দুটি এবং অন্যান্য আইনে ৬৫টি মামলা হয়েছে। সব মিলিয়ে মামলা হয়েছে ৬৮টি। এ সময়ে ছয়জন নিখোঁজ হয়েছেন।

পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৯ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৫৯ জন, সাজাপ্রাপ্ত ১৯ জন, তদন্তাধীন মামলার আসামি ৭১ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১০ জন রয়েছেন।

মাদকবিরোধী অভিযানে ২৪ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ গ্রাম হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা, ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬ লিটার চোলাই মদ এবং ২ কেজি ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি দেশি চাকু জব্দ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মোট ১৪৫টি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময়ে ১ হাজার ৪৭ জনকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত সেবাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ৩৬৭ জন।

রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনার তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।