জয়পুরহাট ও নাটোরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। তাঁদের কাছ থেকে ৭ হাজার ৬৬৩ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার (৭ নভেম্বর) জয়পুরহাট সদর ও নাটোর সদর এলাকায় এসআরবি-৫-এর সিপিসি-৩ জয়পুরহাট ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের পৃথক আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌরসভার সরদারপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায় এসআরবি-৫-এর সিপিসি-৩ জয়পুরহাটের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ী মো. তারেক হোসেন তন্ময়কে (৩৩) গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার তারেক হোসেন তন্ময় জয়পুরহাটের দরগাপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালসা এলাকায় অভিযান চালায় এসআরবি-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় বাবুল প্রামাণিক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর পরিহিত জিনসের প্যান্টের সামনের ডান পকেট থেকে ৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল প্রামাণিক ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন। তিনি নাটোর সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মো. জয়তুল প্রামাণিকের ছেলে।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়াও জয়পুরহাট জেলার সদর থানাধীন ধলাহার ইউপি দড়িপাড়া গ্রামস্থ বসতবাড়ী থেকে ৭৫ বোতল ফেয়ারডিল, ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল সহ মাদক ব্যবসায়ী শারমিন আক্তার(২৫) এবং সাব্বির হোসেনকে(২৩)গ্রেপ্তার করেছে এসআরবি।