রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খাবারের দোকানগুলোতে মাছির উৎপাতে মশারি । খাবারের ওপর মাছি বসা নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে অস্বস্তি, পাশাপাশি রয়েছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা। এমন পরিস্থিতিতে খাবার মাছির হাত থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচিত বাবু হোটেলের মালিক।
খাবার ঢেকে রাখতে হোটেলে ব্যবহার করা হচ্ছে মশারি। খাবারের ওপর মশারি টানিয়ে রাখায় মাছি সহজে খাবারের সংস্পর্শে আসতে পারছে না। এতে খাবারের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ক্রেতাদের স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাধারণত মশার হাত থেকে বাঁচতে মশারি ব্যবহার করা হলেও এবার মাছির উৎপাত ঠেকাতে খাবারের সুরক্ষায় ব্যবহার করা হচ্ছে সেই মশারি। ব্যতিক্রমী এ উদ্যোগ নজর কেড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্রেতাদের।
বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীদের ব্যস্ত পরিবেশে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।