রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী ও চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা, ১৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গত ৬ ও ৭ নভেম্বর নগরীর বিভিন্ন এলাকায় মহানগর ডিবি, পবা, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ৭ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বুল শেখ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত মধু শেখ ওরফে শুকুর শেখের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি, জুয়া আইনে একটি এবং বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, ৬ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে পবা থানা পুলিশ উলাপুর বাগধানী গ্রামের আলাউদ্দিন ওরফে টিটুর (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ফজল আলীর ছেলে।
একই দিন বিকেল পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে সোনারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করে। তিনি কর্ণহার থানার হুজুরীপাড়া (শিশাপাড়া) গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তাঁর কাছ থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া ৬ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কয়েরদাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তিনি বখতিয়ারাবাদ মালদা কলোনী গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত পৌনে ৯টার দিকে বোয়ালিয়া থানার বোসপাড়া পুলিশ ফাঁড়ি পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে সাজু (৩২), ছোটন (২০) ও আনাস হাসানকে (২০) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
অন্যদিকে, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ইকবাল (৪০) নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত খন্দকার বাছির উদ্দিনের ছেলে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে মামলা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।