রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রাণিসম্পদের সুরক্ষা, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জলাতঙ্কমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন প্রোগ্রাম-২০২৬’।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাব’ (RUAC) ও ‘রাজশাহী ইউনিভার্সিটি এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (RUAWA)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। যা সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

কর্মসূচির সূচনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা জলাতঙ্ক রোগের ভয়াবহতা, সংক্রমণের ঝুঁকি এবং প্রতিরোধে টিকাদানের আবশ্যিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, জলাতঙ্ক একটি প্রতিরোধযোগ্য প্রাণঘাতী রোগ। পোষা ও মুক্ত প্রাণীকে যথাসময়ে টিকাদানের আওতায় আনা সম্ভব হলে প্রাণিসম্পদের সুরক্ষার পাশাপাশি মানবজীবনও নিরাপদ থাকবে।

আলোচনা পর্ব শেষে অতিথিদের অংশগ্রহণে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে আয়োজক দুই সংগঠনের সদস্যদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পোষা বিড়াল ও কুকুরকে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও ক্যাম্পাসে জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন আহম্মেদ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুল্লাহ শামছ বিন তারেক, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন ও মোছা. ইসরাত জেরিন মনি এবং গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) শায়লা শারমিন ইমো।