জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা ও ২৫টি মসজিদে ২লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। 

৭ নভেম্বর (শনিবার) বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিনেপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক।

আলোচনা সভায় শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু,  পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মুকুল, ডাঃ নাহিদুজ্জামান সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বক্তব্য শেষে শিবগঞ্জ উপজেলার ২৫টি মসজিদে ২ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন এবং  মসজিদের কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে মসজিদের অনুদানের চেক তুলে দেন। 

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপরও তারা গুরুত্বারোপ করেন। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।