রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃতী শিক্ষার্থী মো. সাহাদৎ হোসেন। অসামান্য এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা দুপুরে দিকে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ২০০৪ সালের এইচএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সাহাদৎ হোসেন খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে। সে উপজেলার খুবজীপুর গ্রামের মো. মিরাজুল ইসলামের ছোট ছেলে। বর্তমানে সে রাজশাহী কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। ভবিষ্যতে একজন সফল আইনজ্ঞ হওয়ার স্বপ্ন দেখে সে।
খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক শাহ আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ মো. সিরাজুল ইসলাম শিশির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সভাপতি মো. ফরিদুল ইসলাম ও অধ্যক্ষ আবু সাইদ।
এ ছাড়া বক্তব্য দেন কলেজটির সহকারী অধ্যাপক সরদার মো. আনিসুজ্জামান, সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন ও মো. মহসিন আলী, চরপিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং ফায়ার ইনস্পেক্টর মইনুর রহমান।
বক্তারা বলেন, সাহাদৎ হোসেনের এই অসাধারণ অর্জন শুধু তার পরিবার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব নয়, বরং গুরুদাসপুর উপজেলা, নাটোর জেলা এবং পুরো দেশের জন্যই গর্বের বিষয়। তার সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন ও উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে।
তারা আরও বলেন, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও অধ্যবসায় থাকলে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব—সাহাদৎ তার উজ্জ্বল দৃষ্টান্ত। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।
অনুষ্ঠানে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের এইচএসসি ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থী সাহাদৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তার বাবা মো. মিরাজুল ইসলামকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নগদ অর্থসহ সংবর্ধনা দেওয়া হয়।