বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়। দিবসের সূচনায় সূর্যদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরাত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, গুণী শিক্ষক প্রফেসর মো. গোলাম ছাদিক (ফার্মেসী বিভাগ), ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. আরিফুল ইসলাম। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, সিন্ডিকেট সদস্য, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্য মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সিনিয়র পেশ ইমাম ফাহিম মাহমুদ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের ঐক্য ও সংহতি কামনা করে দোয়া করা হয়।
বিকেল ৩টায় রাবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শিক্ষক বনাম অফিসার প্রীতি ফুটবল ম্যাচ। উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) ম্যাচের পুরস্কার প্রদান করেন। শিক্ষক, অফিসার, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা এই ম্যাচ উপভোগ করেন।