রাজশাহীর দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এবং উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার এমএ মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, সমবায় কর্মকর্তা আজগর আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু ও আশরাফুল কবির বুলু, উপজেলা মডেল মসজিদের ইমাম আলামীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনের এক তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্য ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অস্তিত্ব রক্ষার নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। দিনটি আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।