রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও দেশীয় তৈরি চোলাইমদসহ নারীসহ চার মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গত ৫ ও ৬ নভেম্বর নগরীর চন্দ্রিমা, কর্ণহার, দামকুড়া ও মতিহার থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ৬ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাজেদা বেগম (৫৩) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার আসলাম নামের এক ব্যক্তির স্ত্রী। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাজেদার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় আটটি ও চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে।
একই দিন রাত সোয়া ৯টার দিকে আসাম কলোনি (বউ বাজার) এলাকায় অভিযান চালিয়ে সোহাগ ইসলাম (২১) নামের আরেকজনকে গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহাগের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিটারী গ্রামে। তিনি বর্তমানে আসাম কলোনিতে ভাড়া বাসায় থাকেন।
অন্যদিকে, ৬ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ঘোষপুকুর গ্রামের আনোয়ার হোসেনের (৩৩) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আনোয়ারের বিরুদ্ধে কর্ণহার থানায় একটি মাদক ও একটি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
একই দিন সকাল পৌনে ৯টার দিকে দামকুড়া থানা পুলিশ আশগ্রামে অভিযান চালিয়ে সাবায়েদুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সাবায়েদুল রাজপাড়া থানার দাশপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে।
এ ছাড়া ৫ নভেম্বর রাত ৯টার দিকে মতিহার থানা পুলিশ কাজলা এলাকায় অভিযান চালিয়ে রমজান আলী (২৫) নামের এক যুবককে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রমজানের বিরুদ্ধে মতিহার থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি ও পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।