রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় অটোরিকশায় থাকা এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গত ৫ নভেম্বর বিকেল ৩টার দিকে কর্ণহার থানা পুলিশের সহায়তায় কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী গ্রেপ্তার দুজনকে শনাক্ত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কর্ণহার থানার ঘোষপুকুর গ্রামের মো. আ. আলীমের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) এবং সুন্দলপুর গ্রামের মো. সালতাব আলীর ছেলে মো. হাসিবুর রহমান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইসরাত জাহান (৩৫) তাঁর স্বামীর সঙ্গে অটোরিকশায় করে মোহনপুর থানার ধুরইল গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় সিভিল এভিয়েশন স্কুলের পশ্চিম পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর হাতে থাকা ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ব্যাগে এক জোড়া স্বর্ণের বালা, দুটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, একটি মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিল।

ঘটনার পর এয়ারপোর্ট থানা পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ পর্যালোচনা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পাশাপাশি ভুক্তভোগী ও তাঁর স্বামীর শনাক্তের ভিত্তিতে ছিনতাইয়ে জড়িতদের পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের সময় আকাশ কালো রঙের ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁর পরনে ছিল কালো ফুলহাতা শার্ট। আর হাসিবুর নীল রঙের ফুলহাতা শার্ট ও কালো হেলমেট পরে মোটরসাইকেলের পেছনে বসেছিলেন।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত কালো রঙের ওপর হালকা লাল রঙের একটি ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি কালো হেলমেট জব্দ করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের সময় যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে তাঁদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ। ছিনতাই হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।