রাজশাহীর চারঘাটে একটি হলুদের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি)।
শুক্রবার(৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চারঘাট পৌরসভার মেরামতপুর আয়নালপাড়া গ্রামের একটি হলুদের বাগানে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাগানে প্লাস্টিকের বস্তার মধ্যে মাদকদ্রব্যসদৃশ বোতল পড়ে থাকার খবর পায় আভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১১৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া এস্কাফ সিরাপের মালিক বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।