রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ও শুক্রবার (৬ নভেম্বর) ভোরে অভিযান দুটি পরিচালনা করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের লতিফ মোল্লার আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় জিনারুল ইসলামের (৪৩) দেহ তল্লাশি করে তাঁর ডান হাতে থাকা ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বাঘা উপজেলার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে।
এ সময় তাঁর সহযোগী হামিদকুড়া গ্রামের সাগর (৪৫) পালিয়ে যান। তিনি মৃত সিফাত প্রামাণিকের ছেলে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৩০ বোতল এস্কাফ সিরাপসহ রঞ্জয় মণ্ডল (৩৯) ও মাবুদ আলীকে (৩৯) গ্রেপ্তার করা হয়। রঞ্জয় ওই গ্রামের হীরেন মণ্ডলের ছেলে এবং মাবুদ মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।
রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের দল অভিযান দুটি পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজন এবং পলাতক আসামির বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।