দুই ভাইকে অপহরণ, মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে হামিদুর রহিম পাপ্পু (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে মোবাইল ফোন ফেরত দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি এবং ১২ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার পাঁচটি অ্যাপস পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার এমডিসি ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হামিদুর রহিম পাপ্পু রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত দেড়টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় গ্রীন সিটি হাসপাতালের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে থেকে মো. ওমর ফারুক ও তাঁর ভাই মো. মেহেদী হাসানকে জোরপূর্বক তুলে নিয়ে যান পাপ্পুসহ তিন ব্যক্তি। পরে তাঁদের একটি আবাসিক হোটেলের কক্ষে নিয়ে মারধর করা হয়। এ সময় মেহেদী হাসানের কাছে থাকা দুটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩৯০ টাকা নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
এজাহারে আরও বলা হয়, মুঠোফোন দুটি ফেরত দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করেন অভিযুক্ত ব্যক্তিরা। একপর্যায়ে মেহেদী হাসানের হাতে দুটি ইয়াবা বড়ি দিয়ে তাঁকে ফাঁসানোর ভয় দেখিয়ে ভিডিও ধারণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। পরে ১২ হাজার টাকা আদায় করে একটি ফোন ফেরত দেওয়া হলেও বাকি ৮ হাজার টাকা দিলে অন্য ফোনটি ফেরত দেওয়ার কথা বলা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওমর ফারুক রাজপাড়া থানায় পাপ্পুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশ অভিযান চালিয়ে পাপ্পুকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর পাপ্পুর ব্যবহৃত একটি মুঠোফোন তল্লাশি করে অনলাইন জুয়া খেলার পাঁচটি অ্যাপস পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে এসব অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার পাশাপাশি একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের সঙ্গে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার পাপ্পুর বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে রাজপাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।