রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পানানগর ও কিশোরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পানানগর পূর্বপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে আদম আলী (৫৫) এবং কিশোরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে তাকবির ইসলাম (২২)। পুলিশ জানিয়েছে, তাকবির ইসলাম ছাত্রলীগের কর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন সন্ত্রাসবিরোধী আইনে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে আদম আলী ও তাকবির ইসলামের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তাদের নিজ নিজ এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, মামলার তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতার পরিকল্পনা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দুপুরে পুলিশি প্রহরায় রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।